অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের নোড়ার আঘাতে সাহানা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে (২০) পুলিশ হেফাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পারিবারিক বিরোধের একপর্যায়ে শিরিনা খাতুন ঘরে থাকা শিলের নোড়া দিয়ে তার মা সাহানা বেগমের মাথা ও মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে হাসপাতালে থাকতেই তার মৃত্যু হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন জানান, গুরুতর আহত অবস্থায় সাহানা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলেও এর আগেই তিনি মারা যান।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিরিনা খাতুনকে হেফাজতে নিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts