দেশে হামের সংক্রমণ ও মৃত্যু এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, টিকাদানে শতভাগ কভারেজ নিশ্চিত না হওয়া, বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ব্যর্থতা এবং কার্যকর চিকিৎসা নির্দেশিকা (গাইডলাইন) না থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত হামের উপসর্গ ও সংক্রমণে ৮৩৭ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪ হাজার ১২৮ জন শিশু।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ার পর শিশুদের শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি। একই সঙ্গে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় এনে অন্তত ৯৫ শতাংশ কভারেজ নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, দ্রুত জাতীয় গাইডলাইন বাস্তবায়ন, অ্যান্টিবডি পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন ছাড়া হামের সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।