নিউজ প্রবাসী ডেক্স :
স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা যাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে তাকে জামিন প্রদান করেন।
এর আগে গত ৬ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরও আগে ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ২৪ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩০ জুন তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার অপর আসামি ও যাহের আলভীর মা নাসরিন সুলতানা গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএসে নিজ বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বাসা থেকে বিভিন্ন আলামত জব্দ করে।
সেদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।