নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মিরপুরে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ করেই রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। দুই সপ্তাহ আগেও যেখানে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী চিকিৎসা নিতে আসতেন, সেখানে বর্তমানে প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী ভিড় করছেন।
রোগীর চাপ বাড়ায় হাসপাতালের ১০০টি শয্যাই পূর্ণ হয়ে গেছে। নতুন রোগীদের অনেকেই ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছেন। একই সঙ্গে বিনামূল্যে বিতরণ করা ওষুধের মজুতও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগে এক মাসের ওষুধ যে পরিমাণ লাগত, এখন তা এক দিনেই শেষ হয়ে যাচ্ছে।
চিকিৎসক ও কর্মকর্তারা বলছেন, সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবার মান বজায় রাখাও কঠিন হয়ে পড়ছে।
১০ টাকার টিকিটে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে প্রাথমিক ওষুধ পাওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে রোগীরা হাসপাতালে আসছেন। আকুপাংচার, পঞ্চকর্ম, ইয়োগা ও হিজামা থেরাপির চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি রোগীর চাপ মোকাবিলায় প্রয়োজনীয় জনবল, শয্যা ও ওষুধের সরবরাহ বৃদ্ধি না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।