নিউজ প্রবাসী ডেক্স :
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগের মুখে নতুন করে চাপে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। বিভিন্ন পরিচালনাগত ত্রুটির বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ভারত সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে।
সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে মেটার প্রতিনিধিরা জাকারবার্গের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার বার্তা পৌঁছে দেন। সেখানে প্ল্যাটফর্মে শিশু নির্যাতনসংক্রান্ত অবৈধ কনটেন্ট, বিভ্রান্তিকর ডিপফেইক এবং কনটেন্ট তদারকির বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়।
এর আগে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নসংক্রান্ত বিজ্ঞাপন ও কনটেন্ট শনাক্ত হওয়ার ঘটনায় ভারত সরকার মেটাকে কড়া সতর্কবার্তা দেয়। দ্রুত এসব কনটেন্ট অপসারণের পাশাপাশি কীভাবে এমন ঘটনা ঘটল, সে বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যাও চাওয়া হয়।
এদিকে গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট সাময়িকভাবে ফেইসবুক থেকে সরিয়ে ফেলার ঘটনাও নতুন বিতর্ক সৃষ্টি করে। পরে মেটা এটিকে প্রযুক্তিগত ও পরিচালনাগত ভুল হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করে।
ভারত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনায় আরও কঠোর নীতিমালা কার্যকর করেছে। নতুন বিধিমালা অনুযায়ী আদালত বা সরকারের নির্দেশ পাওয়া মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বেআইনি কনটেন্ট সরাতে হবে। নির্দেশনা অমান্য করলে প্ল্যাটফর্মগুলোর আইনি সুরক্ষা হারানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল বাজার ভারতে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখতে হলে মেটাসহ সব প্রযুক্তি প্রতিষ্ঠানকে স্থানীয় আইন ও কনটেন্ট ব্যবস্থাপনায় আরও বেশি সতর্ক হতে হবে।