নিউজ প্রবাসী ডেক্স :
জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের কথিত ফোনালাপের একটি অডিও রেকর্ড উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্কের দ্বিতীয় দিনে প্রসিকিউশন এই অডিওকে প্রমাণ হিসেবে দাখিল করে। রাষ্ট্রপক্ষের দাবি, এটি ২০২৪ সালের ১১ জুলাই ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনের মধ্যকার ফোনালাপ।
আদালতে উপস্থাপিত অডিওতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আলোচনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথোপকথন শোনা যায় বলে প্রসিকিউশনের দাবি। রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম বলেন, রাজনৈতিক নেতার এমন নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে ‘উসকানি’ হিসেবে বিবেচিত হতে পারে।
প্রসিকিউশন আরও দাবি করে, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত সহিংসতায় এটি ছিল একটি সাংগঠনিক সিদ্ধান্তের অংশ। একই সঙ্গে শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের একটি ফোনালাপও আদালতে তুলে ধরা হয়।
মামলায় ওবায়দুল কাদেরসহ মোট সাতজন পলাতক আসামির বিরুদ্ধে বিচার চলছে। আগামী রোববার এ মামলার পরবর্তী যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।