নিউজ প্রবাসী ডেক্স :
দীর্ঘদিনের আর্থিক অনিয়ম, বড় অঙ্কের খেলাপি ঋণ ও তারল্য সংকটে থাকা চার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে ‘অকার্যকর’ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
অকার্যকর ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো—আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।
রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনার পর ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে চার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের নিয়োগও বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখন প্রতিষ্ঠানগুলোর প্রকৃত আর্থিক অবস্থা যাচাই করবেন। এরপর পরিস্থিতি অনুযায়ী পুনর্গঠন, নতুন অর্থায়ন কিংবা অবসায়নের বিষয়ে সুপারিশ করা হতে পারে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, মূলধন ঘাটতি, বিপুল পরিমাণ শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগ, তারল্য সংকট, আয়ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধে ব্যর্থতার মতো বিষয়গুলো এ সিদ্ধান্তের পেছনে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আশা, এই পদক্ষেপের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরবে এবং আমানতকারীসহ সংশ্লিষ্টদের স্বার্থ সুরক্ষিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts