নিউজ প্রবাসী ডেক্স :
নামফলক থেকে বঙ্গবন্ধু সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাম মুছে ফেলার বিতর্কের পর গুলশানের পার্কটির নাম নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পার্কের উন্মুক্ত অংশের নাম রাখা হবে ‘তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’। আর খেলাধুলার জন্য নির্ধারিত অংশের নাম হবে ‘গুলশান ক্রীড়া কমপ্লেক্স’।
রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানিয়েছেন, আগের ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’ নামের একটি সাইনবোর্ড এখনও রয়েছে এবং সেটি সরানো হবে না। পাশাপাশি শিগগিরই নতুন আরও কিছু সাইনবোর্ড স্থাপন করা হবে।
রাজউকের মালিকানাধীন ৮ দশমিক ৮৭ একর জায়গার এই পার্কটির আগের নাম ছিল ‘গুলশান সেন্ট্রাল পার্ক’। ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নামকরণ কমিটির সুপারিশ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের পর এর নাম দেওয়া হয় ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’।
পরে পার্কটির নিয়ন্ত্রণ রাজউকের হাতে যাওয়ার পর নামফলক থেকে তাজউদ্দীন আহমদের নাম মুছে ফেলা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও প্রতিবাদ হয়।
রাজউক চেয়ারম্যান বলেন, মন্ত্রণালয়ের অনুমোদনে পার্কটির নাম পরিবর্তনের বিষয়টি আগে তার জানা ছিল না। বিষয়টি জানা থাকলে এমন ভুল হতো না বলেও মন্তব্য করেন তিনি।
তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজসহ নাগরিক সমাজের বিভিন্ন ব্যক্তি এর আগে নাম পুনর্বহালের দাবি জানিয়েছিলেন। এবার রাজউকের নতুন সিদ্ধান্তে পার্কটির নামফলকে আবারও তাজউদ্দীন আহমদের নাম ফেরার পথ তৈরি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts