নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি টানেলে আকস্মিক পানির স্রোত ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পিপলকোটি এলাকায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশনের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে হঠাৎ প্রবল বেগে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। এতে টানেলের ভেতরে থাকা শ্রমিকরা বিপদের মুখে পড়েন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত ১৮ শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে আরও তিনজন শ্রমিক টানেলের ভেতরে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে ধ্বংসাবশেষ সরিয়ে অভিযান চালাচ্ছে জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী।
চামোলিতে গত কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকায় পানির স্রোতে ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
আটকা শ্রমিকদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।