বিল্লাল হুসাইন।।
যশোরের ঝিকরগাছায় সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের ইজারাদাররা। এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার লাউজানি গ্রামের সরকারি কালেক্টরি পুকুরে। অভিযোগকারী আনোয়ার হোসেন (৪০) ওই গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
অভিযোগে বলা হয়েছে, আনোয়ার হোসেন ও তাঁর ব্যবসায়িক অংশীদার মোরশেদ আলম স্বপন (৩০) দীর্ঘদিন ধরে ১ দশমিক ৮৬ একর আয়তনের পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।
গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বলে অভিযোগ করেছেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে আনোয়ার হোসেন দেখতে পান, অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে তাঁদের আনুমানিক পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় আনোয়ার হোসেন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।