নিউজ প্রবাসী ডেক্স :
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ বা ২৩ আগস্ট তিনি দিল্লি যেতে পারেন বলে কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রের বরাতে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমেও সম্ভাব্য এ সফর নিয়ে খবর প্রকাশিত হয়েছে।
সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
বিএনপি ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে সরকারি সূত্রগুলো বলছে, ব্রিকস সম্মেলনের চেয়ে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় ভারত সফরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্ভাব্য সফরটি দুই দিনের হতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।