নিউজ প্রবাসী ডেক্স :
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে দলীয় কার্যালয় কিংবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১৯৪৬ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে জন্ম নেওয়া খালেদা জিয়া পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে আসেন তিনি। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন খালেদা জিয়া।
গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির নেতৃত্বে ছিলেন।