নিউজ প্রবাসী ডেক্স :
দেশজুড়ে লোডশেডিংয়ের মধ্যে যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিটটির দুটি পাম্প নষ্ট হওয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, ১২৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির একটি পাম্প আগে থেকেই নষ্ট ছিল। সেটি মেরামতের পর চালু করা হলেও অপর পাম্পটিও বিকল হয়ে যায়। দ্রুত মেরামত করা গেলে শনিবারের মধ্যে উৎপাদন ফের চালুর আশা করছেন তিনি।
এদিকে, কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তিন নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির এক ও দুই নম্বর ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট।
এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটিতে এক নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। মেরামতের পর ২ আগস্ট সেটি পুনরায় চালু করা হয়েছিল।