নিউজ প্রবাসী ডেক্স :
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সফরের শুরুতে সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী।
এরপর কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
এ ছাড়া শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে এটিই তারেক রহমানের প্রথম সফর। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।