নিউজ প্রবাসী ডেক্স :
নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
মঙ্গলবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে ডিসির পদ থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া রাজশাহীর বিভাগীয় কমিশনার এ এন এম বজলুর রশীদকেও পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তবে চার কর্মকর্তাকে প্রত্যাহারের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। মঙ্গলবার রাত পর্যন্ত তাদের স্থলে নতুন কাউকেও দায়িত্ব দেওয়া হয়নি।