নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা প্রতিনিধি: স্বামী তৌফীক নাওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় মুন্সীগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। সকাল ৮টা ২০ মিনিটে তিনি রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে পৌঁছান।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, দীপু মনির নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোল চেয়ে আবেদন করেছিলেন। তবে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট দিনের আলোয় ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্যারোল কার্যকর থাকবে।
প্যারোলের সময় দীপু মনি প্রয়াত স্বামীর মরদেহ দেখা এবং দাফন কার্যক্রমে অংশ নিতে পারবেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, তৌফীক নাওয়াজের মরদেহ প্রথমে কলাবাগানের বাসভবনে নেওয়া হবে। পরে গুলশান আজাদ মসজিদে বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে কারাগারে ফিরে যেতে হবে।
তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts