নিউজ প্রবাসী ডেক্স :
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর ১৪ জন মিয়ানমার নাগরিক বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত ১৮ আগস্ট বিভিন্ন বয়সী ওই ১৪ জন পুরুষ কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তবে আলীকদম থানার ওসি জানিয়েছেন, তারা সাধারণ নাগরিক।
অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার বিজিবি তাদের আলীকদম থানায় হস্তান্তর করে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ১৪ জনকে আদালতে পাঠানো হবে।