নিউজ প্রবাসী ডেক্স :
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিএনপির দপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিজভীর এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে ১৫ আগস্ট রুহুল কবির রিজভীসহ চার নেতাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। এর মাত্র পাঁচ দিনের মাথায় দলের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পেলেন তিনি।
২০১৬ সালের বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে রিজভী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পান তিনি।
ছাত্ররাজনীতি থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বে
কুড়িগ্রামে জন্ম নেওয়া রুহুল কবির রিজভীর রাজনীতিতে হাতেখড়ি বামপন্থি ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে। পরে তিনি ছাত্রদলে যোগ দেন এবং সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হন রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংকটের সময় দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে নেতাকর্মীদের কাছে রিজভীর আলাদা পরিচিতি তৈরি হয়। আওয়ামী লীগ সরকারের সময় মামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এবার মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিবের শূন্য পদে ভারপ্রাপ্ত হিসেবে রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts