নিউজ প্রবাসী ডেক্স :
ইতালির রোমে কনসার্ট শেষে হোটেল রুম নোংরা করে যাওয়ার অভিযোগ উঠেছে নগরবাউল জেমস ও তাঁর দলের বিরুদ্ধে। তবে অভিযোগটি সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।
১৬ আগস্ট রোমে কনসার্ট শেষে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলে ওঠেন। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও হোটেলের বার্তায় একটি কক্ষে প্লাস্টিকের বোতল, খাবারের উচ্ছিষ্ট ও অপরিষ্কার থালা-বাসন দেখা যায়। এ ঘটনায় ২০০ ইউরো পরিচ্ছন্নতা ফি দাবি করা হয় বলে জানা গেছে।
রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, অভিযোগে উল্লেখ করা ৫৪৯ নম্বর কক্ষে জেমস ছিলেন না। জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে। ৫৪৯ নম্বর কক্ষে ছিলেন ব্যান্ডের অন্য এক সংগীতশিল্পী। তাই ওই কক্ষের দায় জেমসের ওপর চাপানো ঠিক নয়।
হোটেল থেকে কাউকে না জানিয়ে চলে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। তাঁর দাবি, আয়োজকদের অভ্যন্তরীণ বিরোধ থেকেই এসব অভিযোগ করা হচ্ছে।
অন্যদিকে, আয়োজক হোসাইন আহমেদ টিকিট বিক্রি ও অগ্রিম অর্থের হিসাব না দেওয়ার অভিযোগ তুলেছেন। তবে জেমসের ম্যানেজারের দাবি, চুক্তি অনুযায়ীই সবকিছু করা হয়েছে। অভিযোগ থাকলে আয়োজকরা আইনগত ব্যবস্থা নিতে পারেন বলেও জানান তিনি।