নিউজ প্রবাসী ডেক্স :
সরকার গঠনের ছয় মাসের মাথায় বাড়ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরই নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ হতে পারে বলে খবর এসেছে।
সম্ভাব্য তালিকায় রয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আব্দুল মঈন খান এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।
সাচিং প্রু জেরীর এক সহকারী জানিয়েছেন, তিনি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন এবং সন্ধ্যায় বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। আন্দালিভ রহমান পার্থও মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পাওয়ার বিষয়টি ঘনিষ্ঠজনের মাধ্যমে নিশ্চিত করেছেন।
এদিকে আব্দুল মঈন খান ও শামীম কায়সার লিংকনকে নিয়েও মন্ত্রিসভায় যুক্ত হওয়ার খবর ছড়িয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিষয়ে সবকিছু নিশ্চিত করা হবে।