নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের সীমান্ত সুরক্ষিত না হলে পশ্চিমবঙ্গসহ পুরো দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল—এসএসবির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেন।
অমিত শাহ বলেন, সীমান্ত নিরাপত্তার জন্য ২০১৪ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এক হাজার ১২৯ একর জমি চাওয়া হলেও তা পাওয়া যায়নি। তার অভিযোগ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন করেও কোনো সাড়া মেলেনি।
তবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। এ জন্য শুভেন্দু অধিকারীর প্রশংসাও করেন অমিত শাহ।
অনুষ্ঠানে সীমান্ত নিরাপত্তা জোরদারে রাজ্য সরকারের সহযোগিতার ওপর গুরুত্ব দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় পুরো ‘বন্দে মাতরম’ গাওয়া নিয়েও কথা বলেন তিনি। এটিকে ঐতিহাসিক ও আবেগপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts