নিউজ প্রবাসী ডেক্স
দেশে বিনিয়োগে গতি ফেরার সম্ভাবনা দেখা দিলেও গ্যাস ও বিদ্যুৎ সংকট সেই সম্ভাবনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, দ্রুত জ্বালানি সংকটের সমাধান না হলে নতুন বিনিয়োগ তো দূরের কথা, বিদ্যমান শিল্প-কারখানাগুলোও টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে ৭৫১ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় এ আমদানি বেড়েছে ৭১ শতাংশের বেশি। প্রায় পৌনে চার বছরের মধ্যে এটিই সর্বোচ্চ মাসিক আমদানি।
গত অর্থবছরে মূলধনি যন্ত্রপাতি আমদানি বেড়েছে প্রায় ১৪ শতাংশ। পাশাপাশি শিল্পের মধ্যবর্তী পণ্য আমদানিও বেড়েছে ১৫ শতাংশের বেশি। এসব তথ্য দেশে বিনিয়োগ বাড়ার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছিল।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাস ও বিদ্যুতের সংকটে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ব্যবসায়ী নেতা আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের দাবি, জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানায় উৎপাদন ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে।
অর্থনীতিবিদ জাহিদ হোসেনও সতর্ক করে বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে বিনিয়োগ বাড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ভেস্তে যেতে পারে।
ব্যবসায়ীরা শিল্প খাতে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি সহায়তা বা ‘রেসকিউ প্যাকেজ’ দেওয়ার দাবি জানিয়েছেন।