নিউজ প্রবাসী ডেক্স :
রোহিঙ্গা সংকটকে আর এক দশক দীর্ঘায়িত হতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোহিঙ্গাদের শুধু মানবিক সহায়তা নয়, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে নিজভূমি মিয়ানমারের রাখাইনে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
রোববার ঢাকায় ডিক্যাব ও অক্সফামের আয়োজনে ‘১০ বছরে যাচ্ছে রোহিঙ্গা সংকট: মানবিক সাড়াদান থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।
তিনি বলেন, বাংলাদেশ প্রায় এক দশক ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। বর্তমানে কক্সবাজার ও উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘস্থায়ী এই সংকটে বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার ওপর চাপ বাড়ছে।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন হলেও সেটি কোনো স্থায়ী সমাধান নয়। সংকটের উৎপত্তি যেহেতু মিয়ানমারে, তাই এর সমাধানও মিয়ানমারেই হতে হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে স্থায়ীভাবে আটকে রাখা কোনো সমাধান নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিয়ে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কাজ করতে হবে।