নিউজ প্রবাসী ডেক্স :
ভারত-চীন সীমান্ত বিরোধ নিয়ে নতুন দফার আলোচনায় অংশ নিতে আগামী সোমবার চীন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বেইজিংয়ে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৫তম বৈঠকে অংশ নেবেন।
দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিরসন এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ২০০৩ সাল থেকে দুই দেশের মধ্যে বিশেষ প্রতিনিধি পর্যায়ের এই আলোচনা চলমান রয়েছে।
দোভালের সফর এমন সময়ে হচ্ছে, যখন অরুণাচল প্রদেশ ইস্যুতে ভারত ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনকে সামনে রেখে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের সম্ভাবনাও জোরালো হচ্ছে।
২০২০ সালের গলওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, ২০২৪ সালে মোদী-শি বৈঠকের পর তা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যপথও পুনরায় চালু হয়েছে।
বিশ্লেষকদের মতে, দোভালের এই সফর শুধু সীমান্ত সমস্যা নিয়েই নয়, বরং ভারত-চীন সম্পর্কের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।