নিউজ প্রবাসী ডেক্স :
নিউইয়র্ক সিটিতে দুর্বৃত্তের গুলিতে মো. ইউসুফ রাজু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ৪৪ বছর বয়সী রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে ব্রুকলিনের ইস্ট নিউইয়র্ক এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করার সময় তাকে গুলি করা হয়। একই ঘটনায় তার সহকর্মী মো. রাসেলও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। রাজু ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার বৈধভাবে কাজ করার কাগজপত্র ছিল।
পরিবার জানায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য রাজুকে প্রায় ৪৫ লাখ টাকা ঋণ করতে হয়েছিল। নিজের জমানো ১২ লাখ টাকাও খরচ করেন তিনি। কিন্তু ঋণের বড় অংশ এখনও পরিশোধ হয়নি। পরিবারের ভাঙা ঘরটিও মেরামত করা সম্ভব হয়নি।
রাজু স্ত্রী ও দুই মেয়েকে দেশে রেখে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে যাওয়ার সময় তার স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। পরে জন্ম নেয় ছোট মেয়ে রাইসা।
স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে দিশেহারা রাজুর স্ত্রী পলি আক্তার। পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং সন্তানদের ভবিষ্যতের জন্য সরকারি সহযোগিতার দাবি জানানো হয়েছে।
এদিকে নিউইয়র্ক পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও রাজুর মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে রোববার রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।