নিউজ প্রবাসী ডেক্স :
মোংলা বন্দর দিয়ে যন্ত্রাংশ ঘোষণা দিয়ে চারটি বিলাসবহুল গাড়ি আমদানির চেষ্টা আটকে দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ঢাকার একটি প্রতিষ্ঠান জাপান থেকে রেঞ্জ রোভার, বিএমডব্লিউ, লেক্সাস ও টয়োটা ক্রাউনসহ চারটি গাড়ি কয়েকটি বড় অংশে ভাগ করে যন্ত্রাংশ হিসেবে আমদানি করে।
পরে বিআরটিএ ও কুয়েটের বিশেষজ্ঞদের সহায়তায় কাস্টমস কর্মকর্তাদের পরীক্ষায় দেখা যায়, এগুলো জোড়া লাগালে পূর্ণাঙ্গ গাড়ির কাঠামো পাওয়া সম্ভব। অথচ চালানে এসবের মূল্য দেখানো হয়েছিল মাত্র ১০ লাখ টাকা এবং শুল্ক-কর ধরা হয়েছিল প্রায় ৬ লাখ টাকা।
এনবিআর জানিয়েছে, গাড়িগুলোর প্রকৃত বাজারমূল্য সাড়ে চার কোটি থেকে প্রায় সাত কোটি টাকা হতে পারে। যথাযথ শুল্কায়নের পর প্রকৃত শুল্ক-কর ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে এবং ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।