নিউজ প্রবাসী ডেক্স :
জ্বালানি সংকট, ঘন ঘন লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বিদ্যুৎ ও গ্যাস সংকটের চিত্র তুলে ধরেন। লোডশেডিং প্রসঙ্গে ব্যঙ্গাত্মক মন্তব্য করে তিনি বলেন, বিদ্যুৎ কখন আসে আর কখন যায়—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে।
রুমিন ফারহানা অভিযোগ করেন, নির্বাচনে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং নয়শর বেশি কলকারখানা বন্ধ হয়েছে।
তিনি বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি তো দূরের কথা, বর্তমানে যারা চাকরিতে রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটকে সরকারের প্রথম ১৮০ দিনের গুরুত্বপূর্ণ তিনটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন।
বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরে রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে চলেছে।