নিউজ প্রবাসী ডেক্স :
বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় র্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। পারস্পরিক সম্মতি ও শ্রদ্ধার ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে নিজেদের আলাদা হওয়ার খবর নিশ্চিত করেন বাদশাহ ও ইশা।
বিবৃতিতে তারা জানান, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার জায়গা থেকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একই সঙ্গে ব্যক্তিগত জীবন ও গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে ভক্ত ও অনুসারীদের অনুরোধ করেছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে অযথা গুঞ্জন না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
জানা যায়, ২০২১ সালে একটি পার্টিতে বন্ধুদের মাধ্যমে বাদশাহ ও ইশার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি বছরের মার্চে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।
শুরুতে বিয়ের বিষয়টি গোপন রাখলেও পরে তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এক প্রশ্নোত্তর পর্বে বিয়ের কথা স্বীকার করেন ইশা।
সম্প্রতি ইশা ও তার মায়ের সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্ট ঘিরে তাদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন ছড়ায়। এর মধ্যেই আসে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা।
এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী জেসমিন মাসিহের সঙ্গে বিচ্ছেদ হয় বাদশাহর।