নিউজ প্রবাসী ডেক্স :
আদালতের নির্দেশে তদন্তে পুলিশ, এখনো গ্রেপ্তার হয়নি কেউ
ঢাকার সাভারের একটি মাদ্রাসায় সাত বছরের এক শিশুকে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক, দুই শিক্ষক, দুই হাফেজ ও পাঁচ শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশে সাভার মডেল থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে শিশুটিকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। ভর্তির প্রায় তিন সপ্তাহ পর থেকে তার ওপর শারীরিক ও যৌন নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির বাবা দাবি করেছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন সময়ে নির্যাতনের ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, প্রথমে এক শিক্ষার্থী শিশুটিকে নির্যাতন করে। পরে অন্য কয়েকজন শিক্ষার্থী এবং অভিযোগ জানাতে যাওয়া কিছু শিক্ষকের বিরুদ্ধেও শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরিবারের দাবি, দীর্ঘদিনের নির্যাতনের কারণে শিশুটি শারীরিক সমস্যার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গত ২৩ আগস্ট শিশুটির বাবা ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য সাভার মডেল থানাকে নির্দেশ দেয়। পরে আদালত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৩ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক অভিযোগ সম্পর্কে জানতে পেরে প্রকৃত ঘটনা উদঘাটনের কথা বলেছেন এবং কোনো অপরাধী থাকলে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী শিশুর পরিবার দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।