নিউজ প্রবাসী ডেক্স :
রাষ্ট্রপতির কাছে আবেদনের পর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক আদেশ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ও বিভাজনবিরোধী আন্দোলনে অংশ নিয়ে লঘুদণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার। রোববার এ বিষয়ে পৃথক পৃথক আদেশ জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, আন্দোলনকে কেন্দ্র করে শাস্তি পাওয়া বাকি চার কর্মকর্তার শাস্তিও শিগগির মওকুফ হতে পারে।
গত ১৮ আগস্ট অনুষ্ঠিত রাজস্ব সম্মেলনে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়া কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শাস্তি প্রত্যাহারের আবেদন জানান। তারা বলেন, অতীতের শাস্তির আশঙ্কা থাকলে রাজস্ব আদায় কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ সময় প্রধানমন্ত্রী অতীতের বিষয়গুলো পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং শাস্তি মওকুফের আশ্বাস দেন।
আইআরডির জারি করা আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তার দণ্ড মওকুফ করা হয়েছে। আন্দোলনে সংগঠকের ভূমিকা পালনসহ বিভিন্ন অভিযোগে তাদের মূল বেতন দুই ধাপ বা তার বেশি কমিয়ে দেওয়ার শাস্তি দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২৫ সালে এনবিআরকে দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি পৃথক বিভাগ গঠনের উদ্যোগ নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। এর বিরোধিতা করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। আন্দোলনের মুখে সরকার ওই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়।
পরে এনবিআরের তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতেও নতুন করে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। একপর্যায়ে ২৮ জুন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে আমদানি-রপ্তানিসহ এনবিআরের বিভিন্ন কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়।
পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করলেও আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, আবার কারও বেতন কমানোসহ লঘুদণ্ড দেওয়া হয়।
আন্দোলনকারীদের নেতারা বলছেন, মোট ২৪ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া শাস্তি প্রত্যাহারের প্রক্রিয়ার মাধ্যমে তাদের আন্দোলনের একটি বড় সাফল্য এসেছে। তারা আশা করছেন, আন্দোলনের জেরে বাধ্যতামূলক অবসরে পাঠানো এনবিআরের তিন সদস্য এবং একজন কর কমিশনারকেও পুনর্বহাল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts