নিউজ প্রবাসী ডেক্স :
গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারের জন্য জরুরি আপডেট প্রকাশ করেছে। ‘সিভিই-২০২৬-৮৫০৪৬’ নামে চিহ্নিত ত্রুটিটি ইতোমধ্যে সাইবার হামলায় কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছে গুগল।
‘জিরো-ডে’ হিসেবে চিহ্নিত এই দুর্বলতা ব্যবহার করে হামলাকারীরা বিশেষভাবে তৈরি করা ওয়েবপেজের মাধ্যমে ব্যবহারকারীর ব্রাউজারে ক্ষতিকর কোড চালানোর সুযোগ পেতে পারে। এতে আক্রান্ত ব্রাউজারের নিয়ন্ত্রণ নেওয়া, সিস্টেমে সমস্যা তৈরি করা কিংবা সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি রয়েছে।
উইন্ডোজ, ম্যাকওএস ও লিনাক্স ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা নতুন ক্রোম আপডেটে মোট ১২টি নিরাপত্তা সংশোধন যুক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ শনাক্ত হওয়া জিরো-ডে ত্রুটিটিও রয়েছে।
নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নিশ্চিত করলেও ত্রুটিটির কারিগরি বিস্তারিত এখনই প্রকাশ করেনি গুগল। ব্যবহারকারীদের পর্যাপ্তসংখ্যক ডিভাইস আপডেট করার সুযোগ দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুগলের তথ্যমতে, ক্ষতিকর কোডযুক্ত কোনো এইচটিএমএল পেজে ব্যবহারকারীকে প্রবেশ করানোর মাধ্যমে দুর্বলতাটির অপব্যবহার করা হতে পারে। সফলভাবে আক্রমণ চালাতে পারলে সাইবার অপরাধীরা ব্রাউজারের নির্দিষ্ট ট্যাবের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পেতে পারে।
এ ঘটনায় ঠিক কারা জিরো-ডে ত্রুটিটি ব্যবহার করছে, কতজন ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কোনো সফটওয়্যার দুর্বলতা প্রকাশ্যে আসার আগেই সেটি ব্যবহার করে হামলা চালানো হলে ব্যবহারকারীদের ঝুঁকি বেড়ে যায়। তাই নিরাপত্তা আপডেট প্রকাশের পর দ্রুত তা ইনস্টল করা গুরুত্বপূর্ণ।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জিরো-ডে দুর্বলতা শনাক্ত ও তৈরির সক্ষমতা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। গুগলের গবেষকেরা চলতি বছরের মে মাসে এআইয়ের সহায়তায় তৈরি হয়েছে বলে ধারণা করা একটি জিরো-ডে এক্সপ্লয়েট শনাক্ত করার কথা জানিয়েছিলেন।
নতুন ঝুঁকি থেকে নিরাপদ থাকতে ক্রোম ব্যবহারকারীদের ব্রাউজারের ‘সেটিংস’ থেকে ‘অ্যাবাউট ক্রোম’ অপশনে গিয়ে সর্বশেষ আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।