নিউজ প্রবাসী ডেক্স :
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার বহু আগেই আল-কায়েদার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেন ভারতসহ বেশ কয়েকটি দেশে হামলার পরিকল্পনা করছিলেন বলে নতুন প্রকাশিত মার্কিন গোয়েন্দা নথিতে উঠে এসেছে।
৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ৭১টি প্রেসিডেন্সিয়াল ডেইলি ব্রিফ প্রকাশ করেছে। এসব নথিতে ১৯৯৮ সাল থেকে ২০০১ সালের হামলার আগের সময় পর্যন্ত বিন লাদেন ও আল-কায়েদার কর্মকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন উঠে এসেছে।
১৯৯৮ সালের ২৮ আগস্টের ‘বিন লাদিন টেররিস্ট নেটওয়ার্ক স্টিল আ থ্রেট’ শীর্ষক নথিতে ভারত, পাকিস্তান, মিসর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, উগান্ডা এবং সম্ভবত নাইজেরিয়ায় হামলার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
তবে ভারতে কোথায় বা কোন স্থাপনা বিন লাদেনের সম্ভাব্য লক্ষ্য ছিল, কিংবা হামলার সুনির্দিষ্ট সময় ও পদ্ধতি কী হতে পারত—নথিতে সে বিষয়ে বিস্তারিত তথ্য নেই।
সিআইএর প্রকাশিত নথিগুলোতে দেখা যায়, বিন লাদেনের নেটওয়ার্কের বিস্তার ছিল ব্যাপক। উত্তর আমেরিকা, ইউরোপ ও পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা করেছিলেন।
নথিতে আরও উঠে এসেছে, ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ প্রশাসনকে বিন লাদেন ও আল-কায়েদার সম্ভাব্য হামলা নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছিল।
১৯৯৮ সালের কয়েকটি ব্রিফে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা, বিমান ছিনতাই এবং বিস্ফোরকভর্তি বিমান ব্যবহারের আশঙ্কার কথাও উল্লেখ ছিল। ২০০১ সালের আগস্টেও যুক্তরাষ্ট্রে হামলার প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করা হয়েছিল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার ১৯ সদস্য চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে। দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে। আরেকটি বিমান পেন্টাগনে আঘাত করে এবং চতুর্থটি যাত্রীদের প্রতিরোধের পর পেনসিলভানিয়ার একটি এলাকায় বিধ্বস্ত হয়।
সিআইএ বলছে, নতুন করে প্রকাশিত নথিগুলো ৯/১১-এর আগে আল-কায়েদার হুমকি সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ও সতর্কতার পরিধি আরও স্পষ্ট করে।