নিউজ প্রবাসী ডেক্স:
তামিল সিনেমা ‘মানদাদি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া পাচ্ছে। অভিনেতা সূরি ও সুহাস অভিনীত সিনেমাটি চতুর্থ দিনেও দর্শক টানতে সক্ষম হয়েছে।
রোববার সিনেমাটির চতুর্থ দিনের আয় ১৪ কোটি ২৫ লাখ রুপি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে চার দিনে ভারতের বাজারে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮ কোটি ২৫ লাখ রুপি।
এর আগে মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৫ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় ছিল ৭ কোটি ২৫ লাখ এবং তৃতীয় দিনে ১১ কোটি ৫০ লাখ রুপি।
সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে তামিলনাড়ু থেকে। চার দিনে সেখানে সংগ্রহ হয়েছে ২৭ কোটি ৭৫ লাখ রুপি। তেলুগু ভাষাভাষী রাজ্যগুলো থেকে এসেছে ৬ কোটি ১০ লাখ, কর্ণাটক থেকে ৩ কোটি ১০ লাখ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে ১ কোটি ৩০ লাখ রুপি।
‘মানদাদি’ পরিচালনা ও সহ-লেখার দায়িত্বে রয়েছেন মাথিমারন পুগাজেন্ধি। স্পোর্টস ও অ্যাকশন ঘরানার এই সিনেমায় সূরি ও সুহাসের সঙ্গে অভিনয় করেছেন মহিমা নামবিয়ার, সত্যরাজ, কৃষ হাসান, মিথুন জয় শঙ্কর, রবীন্দ্র বিজয় ও বালা সারাভানান।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। চিত্রগ্রহণ করেছেন এস আর কাঠি। দর্শক ও বাণিজ্য বিশ্লেষকদের কাছ থেকেও সিনেমাটির নির্মাণ ও অভিনয় প্রশংসা পাচ্ছে।
সপ্তাহান্তে ভালো ব্যবসার পর কর্মদিবসেও সিনেমাটি বক্স অফিসে দর্শক ধরে রাখতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে বিভিন্ন বক্স অফিস ট্র্যাকার হিসাবে সংগ্রহের অঙ্কে কিছুটা পার্থক্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts