নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে সেখানে গোলাম আযমকে জুতাপেটার একটি ছবি সাঁটিয়েছেন ছাত্র ফেডারেশনের একদল শিক্ষার্থী।
সোমবার বেলা ৩টার দিকে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে শিক্ষার্থীরা সংগ্রহশালায় ছবিটি সাঁটান।
অর্ক বড়ুয়া বলেন, জিন্নাহর ছবি যেভাবে সেখানে লাগানো হয়েছে, তাদেরও ইচ্ছা হয়েছে গোলাম আযমকে জুতাপেটার ছবিটি সেখানে রাখার। তার ভাষায়, “ডাকসু কারো বাপের না। ইতিহাসকে একপাক্ষিকভাবে উপস্থাপন কেউ মেনে নেবে না।”
তিনি আরও বলেন, ১৯৭১ সালে গোলাম আযমের ভূমিকার প্রতিবাদে ১৯৮১ সালে তাকে জুতাপেটার যে ঘটনা ঘটেছিল, সেই ইতিহাসও সংরক্ষণ করা প্রয়োজন।
জানা যায়, ১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররম মসজিদে একটি জানাজায় অংশ নিতে গিয়ে গোলাম আযম জুতাপেটার শিকার হন। পরবর্তীতে ঘটনাটি স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে জনরোষের একটি আলোচিত প্রতীক হয়ে ওঠে।
মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর আমির থাকা গোলাম আযমের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা এবং মানবতাবিরোধী অপরাধে ভূমিকার অভিযোগ ছিল। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ৯০ বছরের কারাদণ্ড দেন। ২০১৪ সালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সংস্কারের পর রোববার ডাকসু সংগ্রহশালাটি নতুন করে চালু করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকার বিষয়টি নিয়ে সমালোচনার পাশাপাশি পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহর তিনটি ছবি প্রদর্শন করা নিয়ে বিতর্ক তৈরি হয়।
সোমবার দুপুরে ওই তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। এর কিছুক্ষণ পর একই স্থানে গোলাম আযমকে জুতাপেটার ছবি সাঁটান অর্ক বড়ুয়া।
এ ঘটনায় ডাকসু সংগ্রহশালায় ইতিহাস উপস্থাপনের ধরন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts