নিউজ প্রবাসী ডেক্স:
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবারের এ হামলায় দেশটির খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমানঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়।
হুতিদের দাবি, বিমানঘাঁটির উড়োজাহাজের হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও অস্ত্রাগার লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার জবাবেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
হামলার পর খামিস মুশাইতসহ সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে জরুরি সতর্কতা জারি করা হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
এদিকে হুতিরা ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূলেও নিজেদের অবস্থান শক্ত করছে। সাম্প্রতিক অগ্রযাত্রায় তারা বাব আল-মান্দাব প্রণালীর কাছাকাছি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়ন্ত্রণ বাড়িয়েছে।
হুতিদের এই অগ্রযাত্রা এবং সৌদি ভূখণ্ডে ধারাবাহিক হামলা নিয়ে রিয়াদে জরুরি আলোচনা চলছিল। একই সময়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের নির্ধারিত আলোচনা স্থগিত হওয়ায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সংঘাতের প্রভাব পড়ছে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌপথেও। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।