নিউজ প্রবাসী ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেমালিয়া নদীতে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাসিরনগর থানার ওসি মো. শাহিনুল ইসলাম।
নিহতরা হলেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীকে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড়ের দিকে ফিরছিল। পথে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে সেটির সরাসরি সংঘর্ষ হয়।
সংঘর্ষে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি শাহিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।