নিউজ প্রবাসী ডেক্স :
পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় সরকারি ব্যয় কমাতে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এর মধ্যে সরকারি যানবাহনে জ্বালানি বরাদ্দ অর্ধেক কমানো, নতুন যানবাহন কেনা বন্ধ, কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত এবং সরকারি নৈশভোজ বাতিলের সিদ্ধান্ত রয়েছে।
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে আগামী তিন মাসের জন্য এসব কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপের কথা জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাস সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হবে। ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-সংক্রান্ত ব্যয় ছাড়া অন্যান্য প্রশাসনিক খাতে ৫ শতাংশ ব্যয় কমানোর সিদ্ধান্ত হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাত ছাড়া অন্যান্য স্থায়ী ও ভারী পণ্য কেনাকাটাও বন্ধ থাকবে। বাধ্যতামূলক প্রয়োজন কিংবা বৃত্তির ক্ষেত্রে ছাড়া আগামী তিন মাস সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফর স্থগিত করা হয়েছে। জরুরি প্রয়োজনে বিদেশ যেতে হলে মন্ত্রীদের ইকোনমি বা সাধারণ শ্রেণির বিমানের টিকিট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি ও সরকারি ব্যয় কমাতে কর্মকর্তাদের সরাসরি বৈঠকের পরিবর্তে টেলিকনফারেন্সিং ও অনলাইন সভা ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।
দেশজুড়ে বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য আয়োজনে অতিথিদের জন্য কেবল এক পদের খাবার পরিবেশনের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিপণিবিতানগুলো রাত ৯টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।
এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় গত মার্চেও একই ধরনের কৃচ্ছ্রসাধন নীতি নিয়েছিল পাকিস্তান সরকার। সে সময় দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখা, জ্বালানি ব্যবহার কমানো এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বাসা থেকে কাজের ব্যবস্থা উৎসাহিত করা হয়েছিল।
পশ্চিম এশিয়ার চলমান সংকটের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় পাকিস্তানের জ্বালানি খাতে চাপ বেড়েছে। একই সঙ্গে পেট্রোল ও ডিজেলের দামও বেড়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে পেট্রোলের দাম সামান্য কমলেও হাই-স্পিড ডিজেলের দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার পেট্রোলের দাম লিটারপ্রতি ০.৪৩ রুপি কমানো হলেও ডিজেলের দাম ৩.৪৭ রুপি বাড়ানো হয়।
নতুন দামে পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের মূল্য ৩৯০.৭৯ রুপি এবং হাই-স্পিড ডিজেলের মূল্য ৪২৪.৯২ রুপি হয়েছে। এর মধ্যে সরকার পেট্রোলে লিটারপ্রতি ১১৪ রুপি এবং ডিজেলে ১০০ রুপি শুল্ক ও কর আদায় করছে।
নতুন কৃচ্ছ্রসাধন নীতি নিয়ে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেন, জ্বালানি ত্রাণ প্যাকেজের মাধ্যমে মূল্যবৃদ্ধির চাপ থেকে গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার।
তিনি জানান, বুধবার থেকে কার্যকর নতুন ব্যবস্থায় মোটরসাইকেল, রিকশা ও ছোট গাড়ির মালিকরা নির্দিষ্ট মাসিক কোটার আওতায় প্রতি লিটার জ্বালানিতে ১০০ রুপি ভর্তুকি পাবেন।