নিউজ প্রবাসী ডেক্স
রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর জানান, থানার সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা খতিয়ে দেখছেন। তবে কারা বা কোন দিক থেকে বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিচে ফেলা হলে সেটি বিস্ফোরিত হয় বলে জানান বনানী থানার এসআই মো. তারেক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।
প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।