নিউজ প্রবাসী ডেক্স :
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ পাঁচজন ছিলেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকের মৃত্যু হয়। পরে আহতদের ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ওলিউজ্জামান জানান, ‘নিউ বলেশ্বর’ বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে কিছুটা পথ উল্টো পথে যাওয়ার পর ইউটার্ন নিয়ে ঢাকার দিকে ফেরার চেষ্টা করছিল।
পুলিশের ভাষ্য, ইউটার্ন নেওয়ার আগেই চট্টগ্রামমুখী বাসটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের ওপর উঠে উল্টে যায়। অন্যদিকে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসের যাত্রীরা বড় ধরনের ক্ষতির শিকার হননি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনাকবলিত দুটি যান সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা পর কুমিল্লামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।