নিউজ প্রবাসী ডেক্স :
রিয়াল মাদ্রিদের নতুন ফরোয়ার্ড কার্লোস এস্পির জন্য শুরুটা হয়েছে স্বপ্নের মতো। লেভান্তে থেকে দলটিতে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই মাঠে নিজের উপস্থিতির জানান দিয়েছেন স্পেনের এই তরুণ ফুটবলার। আর নতুন ক্লাবে তার মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কোচ হোসে মরিনিয়োর নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন এস্পি।
স্পেন অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্পে থাকা এস্পি ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মরিনিয়ো প্রথম দিন থেকেই তাকে স্বাগত জানিয়েছেন এবং একই সঙ্গে নিজের সামর্থ্যের পুরোটা দেওয়ার ব্যাপারে জোর দিচ্ছেন।
এস্পির ভাষ্য অনুযায়ী, ম্যাচে তিনি পাঁচ, ১০ কিংবা ১৫ মিনিটের জন্য মাঠে নামলেও সর্বোচ্চটা দেওয়ার নির্দেশ দিয়েছেন মরিনিয়ো। পাশাপাশি কিলিয়ান এমবাপেকে আক্রমণভাগে সহযোগিতা করা এবং দুজনের মধ্যে সমন্বয় তৈরির ওপরও গুরুত্ব দিয়েছেন রিয়ালের কোচ।
রিয়ালের হয়ে এখন পর্যন্ত অল্প সময় মাঠে থাকার মধ্যেই এস্পি দুটি গুরুত্বপূর্ণ গোল করেছেন। একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে। এর আগে লা লিগার শুরুতেই এস্পি যোগ করা সময়ে গোল করে এস্পানিওলের বিপক্ষে রিয়ালকে জয় এনে দিয়েছিলেন।
মরিনিয়োর অধীনে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এস্পি বলেন, কোচের প্রত্যাশা ও কঠোর নির্দেশনা তাকে আরও স্বস্তি, আত্মবিশ্বাস ও নিরাপত্তা অনুভব করতে সহায়তা করছে। মরিনিয়োর মতো অভিজ্ঞ কোচের সঙ্গে এভাবে কাজ করতে পারাকে তিনি নিজের জন্য বিশেষ সুযোগ হিসেবে দেখছেন।
রিয়ালের তারকাবহুল ড্রেসিংরুমেও দ্রুত মানিয়ে নিচ্ছেন এস্পি। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র ও গোলরক্ষক থিবো কোর্তোয়ার মতো খেলোয়াড়দের সঙ্গে প্রতিদিন অনুশীলনের সুযোগকে শেখার বড় ক্ষেত্র হিসেবে দেখছেন তিনি।
এস্পি জানান, প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে নিজেকে আরও উন্নত করতে চান। রিয়ালের হয়ে শিরোপা জেতা এবং ভবিষ্যতে স্পেনের জাতীয় দলে খেলা তার অন্যতম লক্ষ্য