বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস কমে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছে নিজের টেলিগ্রাম চ্যানেলে এসব মন্তব্য করেন আরাকচি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তার এবারের নিউ ইয়র্ক সফর হচ্ছে। আন্তর্জাতিক এই মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ তুলে ধরাই তাদের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।
আরাকচির ভাষ্য, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে না পারায় জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’ হওয়াকেও তিনি সংস্থাটির প্রতি বৈশ্বিক আস্থার সংকটের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কিছু দেশ আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইন এবং মানবজাতির যৌথ বিবেককে উপেক্ষা করে নিজেদের ও মিত্রদের জন্য দায়মুক্তির সুযোগ তৈরি করেছে।
তার দাবি, এর ফলে ইসরায়েলকে বিভিন্ন অপরাধ করার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts