নিউজ প্রবাসী ডেক্স:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রেখে ক্লাস-পরীক্ষা বর্জন করছেন তারা। পাশাপাশি দাবি আদায়ে চলছে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, সায়েমকে অপসারণের প্রতিবাদে তারা গণস্বাক্ষর সংগ্রহ করছেন। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এতে অংশ নেবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে মঙ্গলবার সকাল থেকেই চুয়েটে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হয়। চুয়েট শিক্ষক সমিতিও শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছে।
মঙ্গলবার শিক্ষার্থীরা জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে নিরাপত্তা ও চিকিৎসাসেবার মতো জরুরি কার্যক্রম এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
গত সোমবার চুয়েটের নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে রাত ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে মূল ফটকেও তালা দিয়ে অবস্থান নেন তারা।
চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের এ আন্দোলনের ফলে টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts