নিউজ প্রবাসী ডেক্স :
যশোরের চৌগাছা থেকে ইঞ্জিনচালিত ভ্যানসহ নিখোঁজের তিন দিন পর একলাস হোসেন (২৬) নামে এক ভ্যানচালকের মরদেহ ঝিকরগাছার কপোতাক্ষ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকায় কপোতাক্ষ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা মরদেহটি একলাস হোসেনের বলে শনাক্ত করেন।
নিহত একলাস হোসেন চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে প্রায় নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন একলাস। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে পরদিন ২০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তিন দিন পর কপোতাক্ষ নদ থেকে তার মরদেহ উদ্ধারের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরিবারের সদস্যদের ধারণা, ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা একলাসকে হত্যা করে মরদেহ নদে ফেলে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts