নিউজ প্রবাসী ডেক্স :
অস্ট্রেলিয়ার রক সংগীতের পরিচিত মুখ ও ‘রোজ ট্যাটু’ ব্যান্ডের ফ্রন্টম্যান অ্যাংরি অ্যান্ডারসন আর নেই। ৭৯ বছর বয়সে সোমবার অস্ট্রেলিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। পরিবার ও ব্যান্ড সদস্যরা বুধবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
গ্যারি ‘অ্যাংরি’ অ্যান্ডারসন নামে পরিচিত এই শিল্পী প্রায় পাঁচ দশক সংগীতাঙ্গনে সক্রিয় ছিলেন। ‘রোজ ট্যাটু’র সঙ্গে তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘Bad Boy for Love’, ‘Rock ’n’ Roll Outlaw’ ও ‘We Can’t Be Beaten’। ব্যান্ডটি ২০০৬ সালে অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (ARIA) হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়।
তবে ব্যান্ডের বাইরেও অ্যান্ডারসনের একক ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য ছিল ‘Suddenly’। ১৯৮৭ সালে প্রকাশিত গানটি অস্ট্রেলিয়ান টিভি সিরিজ ‘Neighbours’-এর স্কট ও শার্লিনের বিয়ের দৃশ্যে ব্যবহারের পর ব্যাপক পরিচিতি পায়। চরিত্র দুটিতে অভিনয় করেছিলেন জেসন ডনোভান ও কাইলি মিনোগ। যুক্তরাজ্যে ওই বিয়ের পর্বটি ২ কোটির বেশি দর্শক দেখেছিলেন বলে অস্ট্রেলিয়ান ফিল্ম অ্যান্ড সাউন্ড আর্কাইভের তথ্য উদ্ধৃত করেছে এবিসি।
অভিনয় ও সংগীতের পাশাপাশি তরুণদের নিয়ে কাজ এবং বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন অ্যান্ডারসন। ১৯৯২ সালে তরুণদের কল্যাণে কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘মেম্বার অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মানে ভূষিত করা হয়।
মৃত্যুর কয়েক সপ্তাহ আগে ইউরোপে ‘রোজ ট্যাটু’র ৫০ বছর পূর্তির সফরে থাকাকালে জার্মানিতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর সফরের বাকি অনুষ্ঠান বাতিল করে তাঁকে অস্ট্রেলিয়ায় ফিরিয়ে নেওয়া হয়।
পরিবার ও ব্যান্ডের যৌথ বিবৃতিতে অ্যান্ডারসনকে নিবেদিতপ্রাণ বাবা, প্রিয় সহশিল্পী ও সংগীত- বিনোদন জগতের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে স্মরণ করা হয়েছে। তাঁর মৃত্যুতে অস্ট্রেলিয়ার রক সংগীতাঙ্গনে শোক নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts