নিউজ প্রবাসী ডেক্স:
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর দুই বন্দির মৃত্যু হয়েছে। বুধবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮)।
কারারক্ষী আমিনুল ইসলামের তথ্য অনুযায়ী, ইফতেখার মাহমুদ রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মাহবুব আলম। গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে কারারক্ষী মাসুম জানান, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশের বাবার নাম আলী হোসেন। তার বাড়ি রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায়। বুধবার রাতে কারাগারের ভেতর হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি।
পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।