নিউজ প্রবাসী ডেক্স:
যশোরের শার্শায় একটি বাঁওড়ের দখল ও আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার কন্যাদাহ গ্রামের গাইনপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার পর রাতে শার্শা থানায় একটি মামলা হয়েছে। আহতদের প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন—কন্যাদাহ গ্রামের শাহ আলম গাইন (৫০), শরিফুল ইসলাম বকুল (৩২), মিটু গাইন (৩০), আব্দুল্লাহ গাইন (২০), শাকিল গাইন (১৫) ও আকাশ হোসেন (১৪)।
মামলার বাদী হাসানুজ্জামান হাসান গাইনের অভিযোগ, স্থানীয় একটি বাঁওড়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে আশানুর ও শহীদ আলীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল গাইনপাড়ায় হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাবু গাইন, ইয়ানুর গাইন ও আনারুল গাইনের বাড়িতে ভাঙচুর করে। এ সময় সটগান ও পিস্তলের গুলিতে ছয়জন আহত হন। কয়েকটি বোমা বিস্ফোরণেরও অভিযোগ করেছেন মামলার বাদী।
আহতদের শরীরে সটগানের ছররা গুলির আঘাত রয়েছে বলে জানিয়েছেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান।
খবর পেয়ে নাভারণ ‘ক’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts