নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নিয়োগের বিভিন্ন শর্ত উল্লেখ করা হয়েছে।
শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত অধ্যাপক নূরুল ইসলাম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন উপাচার্য তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী উপাচার্য পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।