নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—এই তিন ধাপকে সামনে রেখে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিতুমীর। পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিতুমীর বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিল্প খাতের বহুমুখীকরণ, প্রতিযোগিতা সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।
বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রবাসী পেশাজীবীদের উদ্দেশে তিতুমীর বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের সংযোগ তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
দেশের তরুণ প্রকৌশলী ও উদ্যোক্তাদের সহযোগিতা, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক গবেষণা অংশীদারত্ব, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং দেশীয় স্টার্টআপে বৈশ্বিক বিনিয়োগ ও বাজার সম্প্রসারণেও প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্মেলনে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সভাপতি প্রকৌশলী মনির জামান সভাপতিত্ব করেন। এতে মার্কিন কংগ্রেস সদস্য ডেবি ডিঙ্গেল এবং মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি মেগান ক্যাভানাহ বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিরা সম্মেলনে অংশ নেন।