নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সারোয়ার আলম পিয়াসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন। পিয়াস ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
একই ঘটনায় এর আগে ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকেও গ্রেপ্তার করে ডিবি। পুলিশ বলছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রায় দুইশ লোক দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে কয়েকটি ভবন গুঁড়িয়ে দেয় এবং বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে।
হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্র থেকে আসবাবপত্র, ওষুধ, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ ও এসিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় বলে রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ। পরে সেখানে একটি দোকানদার সমিতির সাইনবোর্ডও লাগানো হয়।
এ ঘটনায় শাহ আলী থানায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক পদক্ষেপও নেওয়া হয়েছে।