নিইজ প্রবাসী ডেক্স:
ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। শুক্রবার কাসুরের কাছে বেদিয়ান সেক্টরে এ ঘটনা ঘটে বলে পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিএসএফ নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে বিনা উসকানিতে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। পাকিস্তান এ ঘটনাকে অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ বলেছে এবং নিহতদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিত্রিত করার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
ভারতকে অবিলম্বে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সীমান্ত এলাকার লাধার গ্রামের বাসিন্দা। সীমান্ত পিলারের দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের ওপর গুলি চালানো হয় বলে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি। হতাহত তিনজনই নিরস্ত্র ছিলেন এবং তারা সীমান্তের বেড়া অতিক্রমের চেষ্টা করেননি বলেও সূত্রগুলো জানিয়েছে।